Friday, October 2, 2026

পাথরঘাটায় ২ কেজি ৭০০ গ্রাম ওজনের রাজা ইলিশ বিক্রি ১৫ হাজার ৯৩০ টাকায়

বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় আকারের রাজা ইলিশ ১৫ হাজার ৯৩০ টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে নিলামের মাধ্যমে মাছটি কিনে নেয় মেসার্স নিউ আল আমিন ফিস।
জানা গেছে, পাথরঘাটা উপজেলার কাছাকাছি বলেশ্বর নদীতে রাতে জেলে আলতাফ হোসেন মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য বিএফডিসি মৎস্য ঘাটে আনা হলে নিলামে অংশ নেন বিভিন্ন পাইকার। শেষ পর্যন্ত নিউ আল আমিন ফিসের পলাশ নামের এক পাইকার মাছটি প্রতি মণ ২ লাখ ৩৬ হাজার টাকা দরে কিনে নেন।
ওজন অনুযায়ী ২ কেজি ৭০০ গ্রাম মাছটির দাম দাঁড়ায় ১৫ হাজার ৯৩০ টাকা।
বিএফডিসি মৎস্য ঘাটের পাইকার ইমরান হোসেন রিফাত বলেন, গত বছরের তুলনায় চলতি মৌসুমে বড় আকারের ইলিশের সংখ্যা তুলনামূলক কম। এর মধ্যে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশ ধরা পড়ায় তারা আনন্দিত। মাছটি পরে খুলনার বাজারে নিয়ে বিক্রি করা হবে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এত বড় আকারের ইলিশ সাধারণত খুব বেশি দেখা যায় না। এ ধরনের মাছ ধরা পড়া জেলেদের জন্য আশাব্যঞ্জক। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও বড় ইলিশ পাওয়া যাচ্ছে। তবে জেলেরা এখনও প্রত্যাশা অনুযায়ী মাছ পাচ্ছেন না। সামনে ইলিশের আহরণ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

সারাদেশ

দৈনিক জন খবর

সত্য বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতার নীতিতে আমরা সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ । জনগণের কথা তুলে ধরা এবং পাঠকদের নির্ভরযোগ্য তথ্যের সঙ্গে যুক্ত রাখাই দৈনিক জন খবর - এর প্রধান উদ্দেশ্য।