চট্টগ্রামে জুমার নামাজে থাকতেই পুড়ে ছাই দোকানপাট ৬০ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রাম: নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার পাশে তুলাতলি জামাই বাজার সংলগ্ন আলী মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জুমার নামাজের সময় লাগা এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজ পড়ার জন্য ব্যবসায়ীরা যখন মসজিদে ছিলেন, ঠিক তখনই আলী মার্কেটে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। নামাজ শেষ করে এসে ব্যবসায়ীরা দেখেন তাদের জীবিকার একমাত্র সম্বল দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। বিশেষ করে ঋণগ্রস্ত কয়েকজন ব্যবসায়ী দোকান হারিয়ে এখন সম্পূর্ণ নিঃস্ব ও চরম বিপাকে পড়েছেন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শাহ ইমরান সংবাদমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ কত, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।
এদিকে একই দিন দুপুরে নগরীর হালিশহর এক্সেস রোড এলাকায় আরেকটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে ৩টি কাপড়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
