পটিয়ায় প্রেস ক্লাবের উদ্যোগে পত্রিকার হকারদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম):
পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে পটিয়ায় কর্মরত পত্রিকার হকারদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হকারদের পাশে দাঁড়াতে ক্লাবের পক্ষ থেকে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
সোমবার (১৩ জুলাই) দুপুরে পটিয়া পৌর সদরের ‘নোঙ্গর’ রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে হকারদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবেদুজ্জামান আবেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম. তোহা।
প্রধান অতিথির বক্তব্যে এ.টি.এম. তোহা বলেন, “হকাররা সংবাদপত্র ও সাংবাদিক সমাজের অবিচ্ছেদ্য অংশ। চলমান বন্যা পরিস্থিতিতে অন্যান্য পেশাজীবীদের মতো তারাও চরম দুর্ভোগে রয়েছেন। পটিয়া প্রেস ক্লাবের এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।” তিনি দেশের এ দুর্যোগময় সময়ে চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন পটিয়া হকার সমিতির সভাপতি আসহাব উদ্দিন। তিনি বলেন, “যে কোনো দুর্যোগে পটিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ অতীতের মতো এবারও হকারদের পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী তসলিম উদ্দিন, প্রবাসী নিক্সন, পটিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, আপ্যায়ন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম, কার্যকরী সদস্য গোলাম কাদের, গিয়াস উদ্দিন, আ. ন. ম. সেলিম, ওসমান গনি ও সায়েম মাহমুদসহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে পটিয়া এলাকায় কর্মরত সকল পত্রিকার হকারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ছবির ক্যাপশন: চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম. তোহা পটিয়ায় পত্রিকার হকারদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করছেন।
