অর্থনীতিআন্তর্জাতিকখেলাধুলাচট্টগ্রামচাকরিপ্রযুক্তিবাংলাদেশবিনোদনরাজনীতিশিক্ষাসর্বশেষ সংবাদ

কর্ণফুলী টানেল পেরিয়ে আত্মসাৎ হওয়া ১২ টন কাগজ উদ্ধার, গ্রেপ্তার ৬

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের টোল প্লাজা অতিক্রমের পর আত্মসাৎ হওয়া ১২ হাজার ২৩৯ কেজি (২১ রোল) সাইজিং লাইনার পেপার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যানসহ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৯ জুলাই নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মহিউদ্দিন পেপার ইন্ডাস্ট্রিজ থেকে কর্ণফুলীর ইছানগরের একটি প্রতিষ্ঠানে সরবরাহের জন্য একটি কাভার্ডভ্যানে ১২ হাজার ২৩৯ কেজি সাইজিং লাইনার পেপার পাঠানো হয়। কর্ণফুলী টানেলের টোল প্লাজা অতিক্রম করার পর চালক ও তার সহযোগীরা মোবাইল ফোন বন্ধ করে মালামাল আত্মসাৎ করে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় ১২ জুলাই কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ প্রথমে বন্দর থানার নিমতলা বিশ্বরোড এলাকা থেকে কাভার্ডভ্যানটি উদ্ধার করে। পরে ঢাকার দক্ষিণ কমলাপুর এলাকা থেকে গাড়ির হেলপার মো. নয়ন (২৮)কে গ্রেপ্তার করা হয়।
নয়নের দেওয়া তথ্যের ভিত্তিতে কর্ণফুলীর মইজ্জারটেক এলাকা থেকে মো. মহিউদ্দিন (৪৫) ও মো. ইসমাইল ওরফে মুসলমান (৫৬)কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী নগরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজার এলাকার একটি প্যাকেজিং কারখানায় অভিযান চালিয়ে আত্মসাৎ হওয়া ২১ রোল সাইজিং লাইনার পেপার উদ্ধার করা হয়। এ সময় মো. জানে আলম (৪৭), মো. কামাল হোসেন (৩৫) এবং মো. রফিক উদ্দিন (৪০)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে নয়নের বাড়ি পাবনার আমিনপুর থানার কাশিনাথপুর এলাকায়। মহিউদ্দিন কর্ণফুলীর শিকলবাহা মাস্টারহাট এলাকার এবং ইসমাইল চরলক্ষ্যা এলাকার বাসিন্দা। জানে আলমের বাড়ি রাউজান উপজেলার উত্তর গুজারা এলাকায়, কামাল হোসেনের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এবং রফিক উদ্দিনের বাড়ি চন্দনাইশ উপজেলার পূর্ব দোহাজারী এলাকায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া মালামাল জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দৈনিক জন খবর

সম্পাদক - মো: জাহাঙ্গীর আলম - '' দৈনিক জন খবর '' আইন , আদালত , অনুসন্ধানী সাংবাদিকতা ও সমসাময়িক বিষয় নিয়ে কাজ করি। দৈনিক জন খবর একটি নিরপেক্ষ , বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর বাংলা অনলাইন সংবাদমাধ্যম। বাংলাদেশ , রাজনীতি , চট্টগ্রাম , আন্তর্জাতিক , চাকরি , আইন ও আদালত , অপরাধ , অর্থনীতি , শিক্ষা , খেলাধুলা , - সহ বিভিন্ন বিষয়ে নির্ভুল সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

Share with