Saturday, October 3, 2026

কদমতলীতে যুবকের মৃত্যু পারিবারিক বিরোধ ও মাদকাসক্তির কথা জানাল পরিবার

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর কদমতলী থানা এলাকায় খাইরুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ৩টার দিকে পলাশপুর ৪ নম্বর রোডের পানির পাম্পের গলিতে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাইরুল দীর্ঘদিন ধরে মাদক গ্রহণে জড়িয়ে পড়েছিলেন বলে পরিবারের সদস্যদের দাবি। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তার প্রায়ই পারিবারিক বিরোধ হতো। সম্প্রতি পারিবারিক অশান্তির কারণে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান।
ঘটনার দিন দুপুরে খাইরুল তার মাকে ফোন করে মানসিকভাবে বিপর্যস্ত থাকার কথা জানান। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরের ভেতরে তার মৃত্যু হয়।
খবর পেয়ে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে জনতাবাগ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমজাদ ঘটনাস্থলে যান। পুলিশ ঘরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
খাইরুলের মা জানান, মাদকাসক্তি ও পারিবারিক অশান্তিই তার ছেলের জীবনে বড় ধরনের সংকট তৈরি করেছিল। তিনি এলাকায় মাদক বিক্রি ও সেবন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ ও মাদকাসক্তির বিষয়টি সামনে এসেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।
এ ঘটনায় কদমতলী থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সারাদেশ

দৈনিক জন খবর

সত্য বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতার নীতিতে আমরা সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ । জনগণের কথা তুলে ধরা এবং পাঠকদের নির্ভরযোগ্য তথ্যের সঙ্গে যুক্ত রাখাই দৈনিক জন খবর - এর প্রধান উদ্দেশ্য।