চট্টগ্রামপ্রযুক্তি

আনোয়ারার পূর্ব বোয়ালিয়ায় বন্যাদুর্গত ১,৫০০ পরিবারের মাঝে প্রত্যাশীর খাদ্যসামগ্রী বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব বোয়ালিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী-এর উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

পূর্ব বোয়ালিয়ার রূপসী বাংলা কমিউনিটি হলে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম-এর সভাপতিত্বে এবং পরিচালক নাছিম হায়দার শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সহকারী পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. মাজিদুল ইসলাম, সিনিয়র ম্যানেজার (মাইক্রোফিন্যান্স) হোসেন আহমেদ, মো. খোরশেদ আলম, আনোয়ারা এরিয়ার এরিয়া ম্যানেজার শেখ ফরিদ মহিউদ্দিনসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সরওয়ার জামাল নিজাম বলেন, সাম্প্রতিক বন্যায় সৃষ্ট সংকটে প্রত্যাশীর এই খাদ্য সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে। তিনি নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে প্রত্যাশীর দীর্ঘদিনের কার্যক্রমেরও প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম বলেন, মানবিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার যে অঙ্গীকার প্রত্যাশী দীর্ঘদিন ধরে পালন করে আসছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে সংস্থাটির ৪৩ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, মুড়ি, ওরস্যালাইন, স্যানিটারি ন্যাপকিনসহ প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

দৈনিক জন খবর

সম্পাদক - মো: জাহাঙ্গীর আলম - '' দৈনিক জন খবর '' আইন , আদালত , অনুসন্ধানী সাংবাদিকতা ও সমসাময়িক বিষয় নিয়ে কাজ করি। দৈনিক জন খবর একটি নিরপেক্ষ , বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর বাংলা অনলাইন সংবাদমাধ্যম। বাংলাদেশ , রাজনীতি , চট্টগ্রাম , আন্তর্জাতিক , চাকরি , আইন ও আদালত , অপরাধ , অর্থনীতি , শিক্ষা , খেলাধুলা , - সহ বিভিন্ন বিষয়ে নির্ভুল সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

Share with