বোয়ালখালীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন
চট্টগ্রাম প্রতিনিধ: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. মুছা (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত ১৭ জুলাই বিকেল ৫টার দিকে বাড়ি ফেরার পথে উপজেলার কানুনগোপাড়া বিদ্যুৎ অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় তিনি হেঁটে রাস্তা পার হচ্ছিলেন।
নিহত মো. মুছা বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদন্ডী এলাকার লাল মিয়ার বাড়ির মৃত আল আমিনের ছেলে।
নিহতের জামাতা মো. জাহাঙ্গীর আলম মামুন জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরদিন আইসিইউ সুবিধার জন্য তাকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মৃত্যুর বিষয়টি নগরের কোতোয়ালী থানা পুলিশ নিশ্চিত করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
