চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এপিক হেলথ কেয়ারের ডাস্টবিন বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে বিপুলসংখ্যক আধুনিক ডাস্টবিন বিতরণ করেছে এপিক হেলথ কেয়ার লিমিটেড।
সোমবার (২০ জুলাই) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একটি পরিচ্ছন্ন হাসপাতালই একটি নিরাপদ হাসপাতাল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচ্ছন্নতা রক্ষায় এপিক হেলথ কেয়ারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সম্মিলিত সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, হাসপ নিশ্চিত করা রোগী, তাঁদের স্বজন এবং স্বাস্থ্যকর্মী—সবার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এপিক হেলথ কেয়ারের ডাস্টবিন বিতরণ হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে। জনকল্যাণে প্রতিষ্ঠানটির সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেডিয়াট্রিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী, নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুরুল করিম, ডা. ইয়াসিন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা. মোহাম্মদ সামিয়ুল করিম, হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এপিক হেলথ কেয়ারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর টি. এম. হান্নান, ডিরেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, ডিরেক্টর (অপারেশনস) ডা. আব্দুর রাজ্জাক, ডিজিএম সৌমেন পালিত, ডিজিএম সুমণ রঞ্জন ভৌমিক, ডিজিএম আমিরুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
বক্তারা বলেন, একটি পরিচ্ছন্ন হাসপাতাল শুধু রোগী ও তাঁদের স্বজনদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে না; সংক্রমণ প্রতিরোধ, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
এপিক হেলথ কেয়ারের পক্ষ থেকে জানানো হয়, মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি সমাজের সার্বিক কল্যাণে অবদান রাখা প্রতিষ্ঠানটির অন্যতম অঙ্গীকার। জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

