যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা: আমির খসরু
সীতাকুণ্ড প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘদিনের যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড নাগরিক সমাজের একটি প্রতিনিধিদল মন্ত্রীর মেহেদীবাগের বাসভবনে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করলে তিনি এ পরিকল্পনার কথা জানান।
সীতাকুণ্ড নাগরিক সমাজের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম ও সদস্যসচিব অ্যাডভোকেট আবুল হাসান মোহাম্মদ শাহাবুদ্দিনের নেতৃত্বে প্রতিনিধিদলটি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনসহ সীতাকুণ্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করে।
মতবিনিময়ের সময় নাগরিক সমাজের নেতারা মহাসড়কের ওপর যানবাহনের চাপ কমাতে বিকল্প সড়ক হিসেবে সীতাকুণ্ডের সমুদ্র উপকূলীয় বেড়িবাঁধের ওপর মেরিন ড্রাইভ নির্মাণের প্রস্তাব দেন। পাশাপাশি বড়দারোগারহাট থেকে ফৌজদারহাট পর্যন্ত মহাসড়কের সীতাকুণ্ড অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবিও জানান তারা।
জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত একটি এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।
মতবিনিময় সভায় এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মুহাম্মদ আবুল হাসনাতও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে সীতাকুণ্ড নাগরিক সমাজের নেতারা তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা উল্লেখ করে একটি স্মারকলিপি মন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এতে চট্টগ্রাম ওয়াসার পানির লাইন সীতাকুণ্ড পর্যন্ত সম্প্রসারণসহ উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য মন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়।
