চান্দগাঁওয়ে মোবাইল বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন চর রাঙ্গামাটিয়া এলাকায় মোবাইল সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মোহাম্মদ সাকিব (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে চান্দগাঁওয়ের লায়লা টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাকিব চর রাঙ্গামাটিয়া এলাকার মৌলানা ছৈয়দুল হক বাড়ির মো. নজুম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে সাকিবের সঙ্গে পূর্বপরিচিত একটি পক্ষের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে হামলাকারী পালিয়ে যায়।
ছুরিকাহত অবস্থায় স্থানীয়রা সাকিবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে সাকিবের পূর্বপরিচিত ব্যক্তির সঙ্গে বিরোধ ছিল। পূর্ব বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর পুলিশ অভিযান চালাচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম জানান, ছুরিকাঘাতে আহত সাকিবকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।