আপডেট সংবাদ

আনোয়ারায় ১৪ ঘণ্টার ব্যবধানে গৃহবধূ ও জেলের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৪ ঘণ্টার ব্যবধানে এক গৃহবধূ ও এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ও শনিবার (৪ জুলাই) সকালে পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন উপজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরইয়া এলাকার উম্মে হাবিবা (২২) এবং সদর ইউনিয়নের ঘনপুকুরপাড় এলাকার জেলে জিকু সর্দ্দার (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব বরইয়া এলাকা থেকে উম্মে হাবিবার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সায়েদ ইমরানের স্ত্রী এবং এক কন্যাসন্তানের জননী ছিলেন। পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে তিনি ইঁদুর মারার বিষপান করেন। গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, শনিবার সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আনোয়ারা সদর ইউনিয়নের ঘনপুকুরপাড় এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জিকু সর্দ্দারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ভট্টাচার্য নিবাস কলোনির একটি ভাড়া বাসায় স্ত্রী ও দুই কন্যাসন্তান নিয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি উপজেলার বিলপুর হাঁড়িপাড়া এলাকায়।
নিহতের পরিবারের অভিযোগ, স্ত্রীর বোনের স্বামীর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে জিকু সর্দ্দারের বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাদের সন্দেহ।

জিকুর স্ত্রী জানান, গত কয়েকদিন ধরে তার স্বামী মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। পাওনা টাকা নিয়ে বিরোধের বিষয়টি তিনি স্ত্রীকে জানিয়েছিলেন এবং কিছু টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে বলেও উল্লেখ করেছিলেন। তবে সমস্যার বিস্তারিত তিনি পরিবারের সদস্যদের জানাননি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, উম্মে হাবিবার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিকু সর্দ্দারের মৃত্যুর ঘটনাটি তদন্তাধীন রয়েছে। দুটি ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দৈনিক জন খবর

সম্পাদক - মো: জাহাঙ্গীর আলম - '' দৈনিক জন খবর '' আইন , আদালত , অনুসন্ধানী সাংবাদিকতা ও সমসাময়িক বিষয় নিয়ে কাজ করি। দৈনিক জন খবর একটি নিরপেক্ষ , বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর বাংলা অনলাইন সংবাদমাধ্যম। বাংলাদেশ , রাজনীতি , চট্টগ্রাম , আন্তর্জাতিক , চাকরি , আইন ও আদালত , অপরাধ , অর্থনীতি , শিক্ষা , খেলাধুলা , - সহ বিভিন্ন বিষয়ে নির্ভুল সংবাদ প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

Share with