চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের ফেরিঘাটের দক্ষিণ পাশের উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা সাগরে মরদেহটি ভাসতে দেখে নৌপুলিশকে খবর দেন। পরে কুমিরা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোঃ আব্দুল ওয়াহেদ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরনে ছিল নীল রঙের হাফপ্যান্ট ও লাল রঙের গেঞ্জি। মরদেহটি পচন ধরায় শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।
কুমিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সমিউদ্দিন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।