
নিজস্ব প্রতিবেদক:
দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দায়িত্ব পালনরত এক মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ১৪ কেজির বেশি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৮ কোটি ৫৭ লাখ ১৪ হাজার টাকা।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে নজরদারি ও তল্লাশি চালান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় বিমানে দায়িত্ব পালনরত এক মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে ১২০ পিস স্বর্ণ উদ্ধার করা হয়।
পরে কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার করা স্বর্ণগুলো যাচাই-বাছাই ও ওজন করা হয়। এতে স্বর্ণের মোট ওজন পাওয়া যায় ১৪ দশমিক ০৪০ কেজি।
সূত্র আরও জানায়, উদ্ধার করা স্বর্ণ জব্দ করে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। কীভাবে এসব স্বর্ণ বিমানের ভেতরে আনা হয়েছে এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আমিনুল ইসলাম স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় কারও সম্পৃক্ততা প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্বর্ণ চোরাচালানের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ ফয়েজ আহমেদ - ০১৬৪০৮৫৫২৬৬
নির্বাহী সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম - ০১৭৬৮৫২১৩৪৯
বার্তা সম্পাদকঃ মোঃ মমিনুল ইসলাম - ০১৭৩১৫৩১৫৯৯
© ২০২৬ দৈনিক জন খবর | সর্বস্বত্ব সংরক্ষিত।